ভিয়েতনামের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

ভিয়েতনামের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের

সমীকরণটা ছিল হাতের নাগালে। ভিয়েতনামের বিপক্ষে অন্তত একটি ড্র করতে পারলেই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকে থাকত বাংলাদেশের।কিন্তু থাইল্যান্ডের মাঠে সেই সম্ভাবনা বাস্তবে রূপ নিল না। আক্রমণভাগের ব্যর্থতা আর রক্ষণভাগের এক মুহূর্তের ভুলে ১-০ গোলের আক্ষেপের হার নিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

পুরো টুর্নামেন্ট জুড়েই পোস্টের নিচে আস্থার প্রতীক ছিলেন গোলরক্ষক মিলি আক্তার। অথচ আজ দুর্ভাগ্যজনকভাবে তার একটি ভুলেই কপাল পুড়ল দলের।প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ম্যাচের ৫০ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক পায় ভিয়েতনাম। বলটি গ্রিপ করতে মিলি পোস্ট ছেড়ে বেরিয়ে এলেও নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হন।তার হাত ফস্কে যাওয়া বল অনায়াসে হেডের মাধ্যমে ফাঁকা জালে জড়িয়ে ভিয়েতনামকে এগিয়ে দেন তাদের এক ফরোয়ার্ড।

পিছিয়ে পড়ার পর গোল শোধের জন্য হাতে ছিল পর্যাপ্ত ৪০ মিনিট সময়। কিন্তু বাংলাদেশের আক্রমণভাগ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বিশেষ করে প্রথমার্ধে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন আগের ম্যাচের হিরো সাগরিকা। ভিয়েতনামের গোলরক্ষককে একা পেয়েও তিনি বল জালে জড়াতে ব্যর্থ হন। ওই একটি সুযোগ ছাড়া পুরো ম্যাচে বাংলাদেশের তেমন কোনো উল্লেখযোগ্য আক্রমণ দেখা যায়নি।

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ আসরে অংশ নেওয়া বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টটি ছিল অভিজ্ঞতার। অভিষেকটা স্বপ্নের মতোই হতে পারত। নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী থাইল্যান্ডের বিপক্ষে ৬৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ মুহূর্তের পেনাল্টি ও রক্ষণের ভুলে হারতে হয়েছিল। পরের ম্যাচে পরাশক্তি চীনের বিপক্ষেও প্রথমার্ধ গোলশূন্য রেখে দারুণ লড়াই করেছিল মারিয়া মান্ডাদের উত্তরসূরিরা।

প্রথম দুই ম্যাচে এমন লড়াকু পারফরম্যান্সের পর ভিয়েতনামের বিপক্ষে অন্তত একটি পয়েন্টের জোরালো প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষকের সেই এক মুহূর্তের ভুল আর ফরোয়ার্ডদের ফিনিশিংয়ের অভাবে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন জলাঞ্জলি দিয়েই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS