এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে ভারতের হিমাচল প্রদেশের শিমলার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ যুব টেবিল টেনিস দল। সোমবার (৬ এপ্রিল) সকালে ২০ সদস্যের প্রতিনিধি দলটি নয়াদিল্লি হয়ে শিমলার পথে রওনা হয়।
আগামী ৮ থেকে ১১ এপ্রিল শিমলায় অনুষ্ঠিত হবে ৩০তম এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দক্ষিণ এশীয় অঞ্চলের বাছাইপর্ব। এই প্রতিযোগিতায় স্বাগতিক ভারতসহ সার্কভুক্ত দেশগুলো অংশ নেবে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বালক ও বালিকা বিভাগে সিঙ্গেলস, ডাবলস, মিক্সড ডাবলস ও টিম ইভেন্টে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের (বিটিটিএফ) সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেটের নেতৃত্বে সফরে রয়েছেন দলের ম্যানেজার সাবেক জাতীয় চ্যাম্পিয়ন তাহমিনা তারমিন বিনু। কোচ হিসেবে আছেন বিকেএসপির ধনঞ্জয় শীল তীর্থ এবং আইটিটিএফ লেভেল-২ কোচ রিগ্যান বড়ুয়া।
অনূর্ধ্ব-১৯ বালক দলের নেতৃত্বে রয়েছেন মো. নাফিজ ইকবাল।তার সঙ্গে আছেন আবুল হাসেম হাসিব, মো. তাহমিদুর রহমান সাকিব ও মো. জয় ইসলাম। অনূর্ধ্ব-১৯ বালিকা দলের অধিনায়ক খই খই সাই মারমার সঙ্গে রয়েছেন রেশমী তনচংগ্যা, ঐশী রহমান ও নুসরাত জাহান।
অন্যদিকে অনূর্ধ্ব-১৫ বালক দলের অধিনায়ক মো. শাহীন আহম্মেদ এবং বালিকা দলের নেতৃত্বে আছেন মোছা. রাফিয়া চৌধুরী। এই দলে আরও রয়েছেন মিদুল রহমান, তামজিদুল ইসলাম পরশ, রাব্বি ইসলাম, জান্নাত ইসলাম রোজা, মোসাম্মদ জান্নাতুল রোজা ও সাবিহা আক্তার পাপিয়া।
দলের ১৬ জন খেলোয়াড়ের মধ্যে ১২ জনই বিকেএসপির বর্তমান শিক্ষার্থী। বাকিদের মধ্যে দুজন সাবেক বিকেএসপি শিক্ষার্থী বর্তমানে সেনাবাহিনী ও গ্রিন টেবিল টেনিসের হয়ে খেলছেন। অন্য দুইজনের একজন বাংলাদেশ সেনাবাহিনী এবং একজন রংপুর টেবিল টেনিস সংস্থার প্রতিনিধিত্ব করছেন।
দলের প্রস্তুতি সম্পর্কে ক্যাপ্টেন সনেট জানান, প্রতিযোগিতার সূচি প্রকাশের আগেই বিকেএসপিতে ৩৩ দিনের নিবিড় অনুশীলন ক্যাম্প সম্পন্ন করা হয়েছে। গত বছর কাঠমান্ডুতে অনুষ্ঠিত আসরে বাংলাদেশ সাতটি ব্রোঞ্জ পদক পেলেও চ্যাম্পিয়ন বা রানার্সআপ হতে না পারায় মূল পর্বে উঠতে পারেনি।
তিনি বলেন, ‘এবার আমাদের প্রস্তুতি ভালো। দল কোয়ালিফাই করার ব্যাপারে আমরা আশাবাদী। কয়েকজন খেলোয়াড়ের জন্য এটিই শেষ বয়সভিত্তিক টুর্নামেন্ট, তাই তারা ভালো ফল এনে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’