কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখতে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

কোয়ার্টারের আশা বাঁচিয়ে রাখতে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে টানা দুই হারে খাদের কিনারে থাকলেও টুর্নামেন্টে টিকে থাকার স্বপ্ন এখনও উজ্জ্বল বাংলাদেশের। তিন গ্রুপের তৃতীয় স্থান অধিকারী দলগুলোর মধ্যে সেরা দুইয়ে থাকতে পারলে মিলবে কোয়ার্টার ফাইনালের টিকিট। সেই আশা বাঁচিয়ে রাখার লক্ষ্য নিয়েই মঙ্গলবার (মঙ্গলবার) গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল থাইল্যান্ডের নন্থাবুরিতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

‌‘এ’ গ্রুপ থেকে ইতোমধ্যে শেষ আট নিশ্চিত করেছে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন শক্তিশালী চীন ও স্বাগতিক থাইল্যান্ড। প্রথম ম্যাচে থাই মেয়েদের কাছে ৩-২ ব্যবধানে লড়াই করে হারের পর চীনের কাছে ২-০ গোলে পরাস্ত হয় বাংলাদেশ। পয়েন্টের খাতা শূন্য হলেও গোল ব্যবধানে অন্য গ্রুপের দলগুলোর চেয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা। টুর্নামেন্টের তিন গ্রুপ মিলিয়ে পয়েন্ট শূন্য থাকা ছয় দলের মধ্যে বাংলাদেশের গোল ব্যবধান (-৩)।যেখানে উজবেকিস্তান (-৮) এবং চাইনিজ তাইপের (-৭) অবস্থান অনেকটাই পিছিয়ে। তাই ভিয়েতনামের বিপক্ষে একটি জয়ই বদলে দিতে পারে পুরো দৃশ্যপট।

ইতিহাস গড়ার এই হাতছানি সামনে রেখে সোমবার জোর প্রস্তুতি সেরেছে বাংলাদেশ দল। চীনের বিপক্ষে ম্যাচের পর একদিনের বিশ্রাম শেষে শিষ্যদের অনুশীলনে ফিরিয়েছেন সহকারী কোচ আবুল হোসেন।

খেলোয়াড়দের আত্মবিশ্বাসে দারুণ সন্তুষ্ট তিনি। কোচ আবুল হোসেন জানান, ‘আগামী ম্যাচের কৌশল অনুযায়ী মেয়েদের প্রস্তুত করা হয়েছে। তারা জানে যে মাঠে সেরাটা নিংড়ে দিতে হবে। ম্যাচ বাই ম্যাচ দলের উন্নতি হচ্ছে এবং মাঠে তাদের নিবেদন ছিল চোখে পড়ার মতো। জয় তুলে নিয়ে পরের ধাপে যাওয়ার ব্যাপারে আমরা দারুণ আশাবাদী।’ 

মেয়েদের ওপর বাড়তি কোনো চাপের বোঝা চাপিয়ে দিতে নারাজ এই সহকারী কোচ। স্বাভাবিক ফুটবল খেলে নিজেদের সেরাটা দিতে পারলেই কাঙ্ক্ষিত জয় আসবে বলে দৃঢ় বিশ্বাস তার। জয়ের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গোল। এখন পর্যন্ত হজম করা ৫ গোলের বিপরীতে বাংলাদেশের গোলসংখ্যা মাত্র দুটি, যার দুটোই থাইল্যান্ডের বিপক্ষে করেছিলেন সাগরিকা। তাই অনুশীলনে ফিনিশিংয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড সুরভি আকন্দ প্রীতি। 

বাফুফের ভিডিও বার্তায় প্রীতি বলেন, ‘রোববারের বিশ্রামের পর আজ আমরা দারুণ একটি ট্রেনিং সেশন পার করেছি। কোচ ফিনিশিং ড্রিল করিয়েছেন এবং আগের ম্যাচের ভুলগুলো শুধরে দিয়েছেন। দলের সবাই সুস্থ ও পুরোপুরি ফিট আছে। দেশবাসীর কাছে সমর্থন চাই যেন কাল নিজেদের উজাড় করে দিয়ে জয় ছিনিয়ে আনতে পারি।’

পরের ধাপে যাওয়ার এই কঠিন সমীকরণ মেলাতে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ দল। এখন দেখার অপেক্ষা, সবুজ গালিচায় নিজেদের কতটা মেলে ধরতে পারে তারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS