আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন ছিল বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক।
শনিবার (৪ এপ্রিল) পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশের সামনে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, তা সরকার বা বিরোধী দল কেউই যথাযথভাবে উপলব্ধি করতে পারছে না। জনগণ ও বিরোধী দলগুলোর আস্থা ছাড়া সরকার কার্যকরভাবে দেশ পরিচালনা করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতার সময় রাজনৈতিক ঐক্য থাকলে জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হতো। কিন্তু বাস্তবে সেই ঐক্যের অভাব রয়েছে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি দীর্ঘদিন আন্দোলন করলেও জনগণের ব্যাপক সমর্থন পায়নি। মানুষের কাছে তাদের নেতৃত্বে আস্থার ঘাটতি ছিল বলেও দাবি করেন তিনি।
নাহিদ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে সংসদে কার্যকর সমাধান না পাওয়ায় তাদের রাজপথে অবস্থান নিতে হচ্ছে। তবে এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করার দাবি জানিয়ে আসছেন তারা।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বান জানান।