সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি সবার সঙ্গে সীমিতভাবে কথা বলছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর থেকে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে দেওয়া হয়েছে।
এদিকে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন।
শায়রুল কবির খান জানান, গত মঙ্গলবার চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে রওয়ানা হন নজরুল ইসলাম খান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে এ জ্যেষ্ঠ নেতার।