কোনো ক্ষেত্রে ‘আমার লোক’—‘তার লোক’ বিভাজন থাকবে না: রিজভী

কোনো ক্ষেত্রে ‘আমার লোক’—‘তার লোক’ বিভাজন থাকবে না: রিজভী

খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, বরং খেলোয়াড়দের মেধা, দক্ষতা ও প্রতিভার ভিত্তিতে মূল্যায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পর্ষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, যাদের প্রতিভা আছে, যারা ভালো খেলতে পারে এবং খেলাধুলায় দক্ষ—তারা যেন সমান সুযোগ পায়। একজন খেলোয়াড়কে তার কাজ বা কৃতিত্বের বদলে রাজনৈতিক রং দিয়ে বিবেচনা করা উচিত নয়।

তিনি বলেন, গত ১৬–১৭ বছরে খেলাধুলার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবের কারণে অনেক ক্ষতি হয়েছে। বিশ্বাস করবেন কি না, দেশের একজন প্রখ্যাত ক্রিকেটার আমার সঙ্গে, আমাদের এক নেত্রীর সঙ্গে যোগাযোগ করে বিএনপি থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিল। আমি বললাম, তোমার মতো ক্রিকেটার আসা তো বড় ব্যাপার, তবে তাকে আমি খেলা না ছাড়ার পরামর্শ দিয়েছিলাম। পরে দেখা যায় সে অন্য একটি দল থেকে নির্বাচন করে এমপি হয়েছে।আমার মনে হয়েছে, এটা করার জন্য তার ওপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ ও উৎপীড়নের চেষ্টা করা হয়েছে।

‘একজন ক্রিকেটার, ফুটবলার বা অ্যাথলেট যদি আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করে, তাহলে তার রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তাকে বিচার করা যাবে না।’

রিজভী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এমন একটি পরিবেশ তৈরি হচ্ছে, যেখানে স্পোর্টস, সংস্কৃতি বা অন্য যেকোনো ক্ষেত্রে ‘আমার লোক’ বা ‘তার লোক’—এই বিভাজন থাকবে না। যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন নিশ্চিত করা হবে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রসঙ্গে তিনি বলেন, ক্লাবটির ঐতিহ্য ও কৃতিত্ব দেশের মানুষের হৃদয়ে গভীরভাবে প্রোথিত।

রিজভী আশা প্রকাশ করেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব অতীতের গৌরব ও উজ্জ্বলতা পুনরুদ্ধার করে দেশের ক্রীড়াঙ্গনে আবারও শক্ত অবস্থান তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS