দেশের পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই গুরুত্বপূর্ণ বার্তা দেন। প্রধানমন্ত্রীর এই অবস্থানকে স্বাগত জানিয়ে বিসিবি পরিচালক ও সহ-সভাপতি ফারুক আহমেদ বলেছেন, খেলোয়াড়ি জীবনে রাজনীতি বন্ধে প্রয়োজনে আইন করা উচিত।
অনুষ্ঠানে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ী ক্রীড়াবিদদের হাতে ‘ক্রীড়া কার্ড’ ও পুরস্কার তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী বলেন, ‘সক্রিয় খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে নিজেদের সম্পৃক্ত করা উচিত নয়।একজন অ্যাথলেটের মূল পরিচয় হওয়া উচিত তার মাঠের পারফরম্যান্স। তারা মাঠের লড়াই দিয়েই দেশের প্রতিনিধিত্ব করবেন, রাজনৈতিক পরিচয়ে নয়।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর সাংবাদিকদের মুখোমুখি হন বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। তিনি প্রধানমন্ত্রীর সুরেই সুর মিলিয়ে বলেন, ‘আমি উনার (প্রধানমন্ত্রী) বক্তব্যের সঙ্গে শতভাগ একমত।খেলার সময়ে রাজনীতি আইন করে বন্ধ করা উচিত। নিজের স্টারডমকে কাজে লাগিয়ে সক্রিয় খেলোয়াড় অবস্থায় রাজনীতি করা মোটেও কাম্য নয়।’
সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে ওঠা বিতর্কের দিকে ইঙ্গিত করে ফারুক আরও যোগ করেন, ‘আমাদের কিছু খেলোয়াড় বর্তমানে এই সমস্যায় ভুগছেন, তাদের নাম বলার প্রয়োজন মনে করছি না। তবে আমরা ভবিষ্যতে এমনটা আর দেখতে চাই না।
খেলা ছাড়ার পর রাজনীতি করার অনেক উদাহরণ বিশ্বে আছে, সেটি ভিন্ন বিষয়। কিন্তু খেলার মাঠে থাকা অবস্থায় নিরপেক্ষতা বজায় রাখাই পেশাদারিত্ব।’
নিজস্ব রাজনৈতিক মতাদর্শের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘রাজনীতি মানুষের অধিকার। আপনি কোনো দলের সমর্থক হতে পারেন, কিন্তু সক্রিয় কর্মী হওয়া আলাদা বিষয়। আমি নিজেও হয়তো কোনো দলের সমর্থক, কিন্তু কোনো দলে নাম লেখাইনি।