ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসানের পথ খুঁজতে চলতি সপ্তাহের শেষে পাকিস্তানে একটি বৈঠক আয়োজনের চেষ্টা করছে হোয়াইট হাউস। মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
বর্তমান পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওই বৈঠকে অংশ নিতে পাকিস্তান সফর করতে পারেন। তার সঙ্গে প্রশাসনের আরও শীর্ষ কর্মকর্তারাও যেতে পারেন।
তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, স্থান এবং অংশগ্রহণকারীদের তালিকা এখনও চূড়ান্ত হয়নি, সবকিছুই পরিবর্তনশীল।
এদিকে, নিরাপত্তা উদ্বেগের কারণে বিকল্প স্থান হিসেবে তুরস্কের নামও সামনে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা ইসলামাবাদই তেহরানের কাছে পৌঁছে দিয়েছে।এই পরিকল্পনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যু অন্তর্ভুক্ত রয়েছে। একই সঙ্গে তুরস্কও এই কূটনৈতিক প্রক্রিয়ায় ভূমিকা রাখছে।
বুধবার হোয়াইট হাউসে এ বিষয়ে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ।
তবে রুবিও, কুশনার ও উইটকফ এই বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
সূত্র: সিএনএন