ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিয়ে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী ঘোষণা দিয়েছে, ‘পূর্ণাঙ্গ বিজয়’ অর্জিত না হওয়া পর্যন্ত তাদের এই লড়াই অব্যাহত থাকবে। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে এই হুঁশিয়ারি দেন।
খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি বলেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির সেনাবাহিনী গর্বিত, বিজয়ী ও অবিচল।লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না।
তবে ‘পূর্ণাঙ্গ বিজয়’ বলতে তিনি সুনির্দিষ্ট কী বুঝিয়েছেন, তা স্পষ্ট করেননি। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনায় ছাড় না দেওয়ার বার্তা দিতেই এই মন্তব্য করা হয়েছে।
এদিকে যুদ্ধের ২৫তম দিনেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।ইরানের সামরিক বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীও ইরানের সরকারি ও সামরিক অবস্থানে হামলার দাবি করেছে। ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের হামলায় দেশটির দুটি গ্যাস স্থাপনা ও একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা থেকে পাঁচ দিনের বিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এই ক্ষয়ক্ষতি হলো।
ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, যদিও তেহরান এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে, বর্তমানে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো কার্যকর আলোচনা চলছে না।
এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আনদ্রাবি জানিয়েছেন, সংশ্লিষ্ট পক্ষগুলো চাইলে ইসলামাবাদ আলোচনার পরিবেশ তৈরি করতে প্রস্তুত। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন।ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠক হতে পারে।