জামালপুরের দেওয়ানগঞ্জে শতাধিক মানুষসহ ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে গেছে। এ ঘটনায় চার শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে শিশুসহ আরও কয়েকজন।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।এছাড়াও এ ঘটনায় আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন শান্তি নামে এক শিশু।
শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার মেয়ে মায়ামনি (১০), ঝালুরচর এলাকার শের আলীর ছেলে আব্দুল মোতালেব (৬) ও মেয়ে খাদিজা (১২) এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন (১৪)।
স্থানীয়রা জানান, ঈদের আনন্দ উপভোগ করতে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান সেতুতে ভিড় করেন স্থানীয়রা।অতিরিক্ত চাপের কারণে ব্রিজটি ভেঙে ব্রহ্মপুত্র নদে পড়ে যায়। এসময় সাঁতার কেটে অনেকেই তীরে উঠলেও নিখোঁজ থাকে কয়েকজন শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ফায়ার সার্ভিস। এসময় স্থানীয়দের সহায়তায় চার শিশুর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বাকিদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
ঈদের এই খুশির মধ্যে চার শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেওয়ানগঞ্জে।
জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ বলেন, এখন পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। একজন আহত অবস্থায় চিকিৎসাধীন। আমাদের উদ্ধার অভিযান চলছে।