বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজি গ্রেড-১) এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি (গ্রেড-১) মো. গোলাম রসুল দীর্ঘ কর্মজীবন শেষে রোববার (১৫ মার্চ) অবসরে গেছেন।
তাদের অবসর উপলক্ষে সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় অতিরিক্ত আইজিরা, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের পেশাগত ও ব্যক্তিজীবনের বিভিন্ন দিক তুলে ধরে পুলিশ কর্মকর্তারা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। বিদায়ী অতিরিক্ত আইজিরা তাদের বক্তব্যে জনগণের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষে কাজ করার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। তারা পেশাগত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য সব সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানান।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে বিদায়ী কর্মকর্তারা অত্যন্ত সুনাম ও সফলতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করেছেন।তারা বাংলাদেশ পুলিশের উন্নয়নে অনন্য অবদান রেখেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তাদের সুখি, সুন্দর ও সমৃদ্ধ অবসর জীবন এবং সার্বিক সুস্থতা কামনা করেন।
এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন।
অপর বিদায়ী অতিথি মো. গোলাম রসুল ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (গ্রেড-১) পদে দায়িত্ব পালন করেন।