সারাদেশে সব শিক্ষা বোর্ডে এসএসসি ও এইচএসসিতে অভ্ন্নি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার চিন্তা-ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টুরোডের সরকারি বাসভবনে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) এর সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সারাদেশে ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ড থাকা উচিত। বিশ্বজুড়ে যদি বড় প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্নে হতে পারে, তবে আমাদের দেশেও তা সম্ভব।
আমরা আগামী বছর থেকে এ পদ্ধতি চালুর বিষয়ে কী করা যায় সে চিন্তাভাবনা করছি।
আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আসন্ন ২১ এপ্রিল থেকে শুরু হওয়া পরীক্ষার পবিত্রতা রক্ষায় এবার মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে। সবগুলো শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ পরীক্ষা সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী।