সংসদে স্বীকৃত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবের প্রতিবাদ

সংসদে স্বীকৃত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবের প্রতিবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বীকৃত যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। 

বৃহস্পতিবার (২২ মার্চ) এক যুক্ত বিবৃতিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন নিন্দা ও প্রতিবাদ জানান।  

বিবৃতিতে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণকালে সরকারদলীয় চিফ হুইপ গণহত্যার সহযোগী স্বীকৃত রাজাকার-যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব গ্রহণের কথা বলেন। পরবর্তীতে আমরা হতবাক হয়ে দেখলাম সংসদের স্পিকার কর্তৃক তা গৃহীত হয়।বাংলাদেশের মানুষের দীর্ঘ লড়াই-সংগ্রাম থেকে উদ্ভূত গণচেতনাকে পদদলিত করার এক কলঙ্কময় নজীর স্থাপিত হলো আজ। দেশের আপামর ছাত্রসমাজ ধিক্কার জানায় এই ঘটনার। 

বিবৃতিতে বলা হয়, ৭১-এর মহান মুক্তিযুদ্ধসহ গত ৫৪ বছরে এই ভূখণ্ডে সংঘটিত গণ আন্দোলনের চেতনাসমূহকে করা হয়েছে পদদলিত আর বিপরীতে মঞ্চায়িত হয়েছে গণশত্রুকে পুনঃপ্রতিষ্ঠিত করার নাটক। মাঝখানে বারংবারই প্রতারণার শিকার হয়েছে জনগণ।৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে প্রত্যাশা ছিল এই নাটকের অবসান ঘটবে। কিন্তু অন্তর্বর্তী সরকার গণহত্যার সহযোগী সংগঠন জামায়াতকে পুনর্বাসনের মধ্য দিয়েই ইতোমধ্যেই জনগণের আওয়ামী সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নৈতিক ভিত্তি ধ্বসিয়ে দিয়েছে। সর্বশেষ আজকের ঘটনার মধ্য দিয়ে জাতীয় সংসদও এই আভাস দিল-আমরা গণরায়-গণআকাঙ্খা মানতে রাজী নই। যা আগামী দিনের জন্য অশনিসংকেত।

আমরা অনতিবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদের শোক প্রস্তাব থেকে রাজাকারদের নাম এক্সপাঞ্জ করার দাবি জানাই এবং এই প্রস্তাব পুনর্বিবেচনার দাবি জানাই। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS