নির্বাচন নিয়ে বাহিনী সদস্যদের ব্রিফ করলেন বিমান বাহিনী প্রধান

নির্বাচন নিয়ে বাহিনী সদস্যদের ব্রিফ করলেন বিমান বাহিনী প্রধান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে বিমান বাহিনীর সদস্যদের ব্রিফ করেছেন বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসস্থ বিএএফ ঘাঁটি বাশারে অবস্থিত সি-১৩০ হ্যাঙ্গারে অনুষ্ঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনী সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনা দেন।

এ সময় তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিমান বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

এ ছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুসরণ এবং প্রয়োগের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।

সফলতার সঙ্গে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বিভিন্ন পর্যায়ে নিয়োজিত বিমান বাহিনীর সব সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কর্তব্য পালন করবে বলে বিমানবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার জন্য ‘In Aid to Civil Power’ এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর ৩৭৩০ জন সদস্য নিয়োজিত থাকবে এবং মাঠ পর্যায়ে ১২৫০ জন সদস্য আগামী ৬-১৬ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত (মোট ১১ দিন) মোতায়েন থাকবে, যারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে ২১ জেলার ৩৫টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করবে।

এ ছাড়া নির্বাচন কার্যক্রমে সরাসরি সহায়তার লক্ষ্যে বিমান বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার, পরিবহন বিমান ও UAV (Unmanned Ariel Vehicle) সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছে।

নির্বাচন নিয়ে এই ব্রিফিং অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান এবং বিমান বাহিনী সদর দপ্তর ও বিভিন্ন ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS