গণপূর্ত অধিদপ্তরের ২৫৪ জন উপ-সহকারী প্রকৌশলী (ই/এম)-কে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছে। বদলি-পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের আটটি বিভাগের উপ-সহকারী প্রকৌশলীদের লটারির মাধ্যমে নতুন কর্মস্থল নির্ধারণ করা হয়।
লটারির ফল অনুযায়ী ঢাকা বিভাগের বিভিন্ন কার্যালয়ে ১১৯ জন, রাজশাহী বিভাগে ২৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, খুলনা বিভাগে ২৭ জন, বরিশাল বিভাগে ১৩ জন, সিলেট বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ২২ জন উপ-সহকারী প্রকৌশলীকে পদায়ন করা হয়েছে।
লটারি কার্যক্রম সমন্বয় করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. ফিরোজ হাসানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক বলেন, লটারিভিত্তিক বদলি প্রক্রিয়া বদলি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্যসচিব মো. সাখাওয়াত হোসেন এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় শৃঙ্খলা ফিরে আসবে এবং কর্মকর্তাদের মধ্যে আস্থার পরিবেশ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্মসচিব ফৌজিয়া খান, উপসচিব খান মো. নাজমুস শোয়েব, উপসচিব মো. আবু নাছের এবং অধিদপ্তরের অন্যান্য প্রকৌশলীরা।
এর আগে গত ৩০ জুলাই একই পদ্ধতিতে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)-কে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়েছিল।