আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন হবে। সেদিন সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সোমবার (৩ আগস্ট) রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে মন্ত্রীবর্গ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত সুধীরা উপস্থিত থাকবেন।
এর আগে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাঠানো হয়।সম্প্রতি প্রধানমন্ত্রী ৫ আগস্ট জাদুঘরটি উদ্বোধনের জন্য সময় দেন। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থাও রাখা হচ্ছে।
২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতনের পর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে গেলে তার সরকারি বাসভবন গণভবন দখলে নেয় ছাত্র-জনতা। পরে গঠিত অন্তর্বর্তী সরকার ওই ভবনটিতে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণের ঘোষণা দেয়।