বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বয়স এখন ৮৩। কিন্তু বয়স যেন তার কর্মক্ষমতা বা ফিটনেসে কোনো প্রভাব ফেলতে পারেনি।এখনও নিয়মিত ব্যায়াম করেন, সক্রিয় জীবনযাপন করেন এবং নিজের স্বাস্থ্য ধরে রাখতে কঠোর রুটিন মেনে চলেন। এ কারণেই তার ফিটনেস অনেকের কাছে অনুকরণীয়।
সম্প্রতি এক পডকাস্টে অমিতাভ বচ্চনের ফিটনেস কোচ শিবোহাম ভাট তার অনুশীলনের নানা দিক তুলে ধরেন।
তিনি জানান, বয়সের কারণে ব্যায়ামের ধরন কিছুটা নিয়ন্ত্রিত হলেও অমিতাভ প্রতিদিন প্রায় এক ঘণ্টা নিয়মিত ওয়ার্কআউট করেন।
শুধু জিমে ব্যায়ামই নয়, প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট প্রাণায়ামও করেন তিনি। প্রশিক্ষকের মতে, শ্বাস-প্রশ্বাসের এই অনুশীলন শরীর ও মনকে সতেজ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ব্যায়ামের তালিকায় থাকে বেঞ্চ প্রেস, পিঠের অনুশীলন এবং পুরো শরীরকে সক্রিয় রাখার বিভিন্ন এক্সারসাইজ। কিছু ব্যায়ামে ফ্রি ওয়েট ব্যবহার করা হলেও বেশিরভাগ অনুশীলন করা হয় জিমের মেশিনে। এতে জয়েন্টের ওপর চাপ কম পড়ে এবং নিরাপদে ব্যায়াম করা সম্ভব হয়।
শিবোহাম ভাট বলেন, প্রতিদিন একই পরিমাণ ব্যায়াম করানো হয় না। অমিতাভ সেদিন কেমন অনুভব করছেন, সেটি বিবেচনা করেই সেটের সংখ্যা নির্ধারণ করা হয়। শরীর ভালো থাকলে অতিরিক্ত একটি সেট যোগ করা হয়, আর ক্লান্ত লাগলে কম ব্যায়ামেই শেষ করা হয়।
তার মতে, এই বয়সে অমিতাভ বচ্চনের প্রধান লক্ষ্য শরীরের গঠন নয়, বরং দীর্ঘদিন সুস্থ ও কর্মক্ষম থাকা। নিয়মিত ব্যায়াম, নিয়ন্ত্রিত জীবনযাপন এবং স্বাস্থ্যকর অভ্যাসই তাকে এখনও এতটা প্রাণবন্ত রেখেছে।
ফিটনেস বিশেষজ্ঞদেরও মত, বয়স বাড়লেও নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করলে দীর্ঘদিন সুস্থ ও সক্রিয় থাকা সম্ভব। অমিতাভ বচ্চনের জীবনযাপন সেই বাস্তব উদাহরণই তুলে ধরে।