রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর রাজধানীর বঙ্গভবনের সামনে সাধারণ মানুষের উপস্থিতি ছিল সীমিত। তবে তাদের মাঝে ছিল কৌতূহল।পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীদের সরব উপস্থিতিতে পুরো এলাকা ছিল কর্মচঞ্চল। নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বঙ্গভবনের সামনে এমন চিত্র দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, রাষ্ট্রপতির পদত্যাগকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা বঙ্গভবনের সামনে অবস্থান নেন।পাশাপাশি কৌতূহলী কিছু সাধারণ মানুষও সেখানে আসেন। পরিস্থিতি ছিল শান্ত এবং নিয়ন্ত্রণে।
এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন মো. সাহাবুদ্দিন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্রপতির অপসারণ বা পদত্যাগের দাবিতে বিভিন্ন সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক তৈরি হলেও তিনি দায়িত্বে বহাল ছিলেন।
আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং সর্বশেষ বিএনপি সরকারের সময়েও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মো. সাহাবুদ্দিন। অবশেষে শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণের মধ্য দিয়ে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে স্পিকার রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেন। এরপর থেকেই বঙ্গভবন ঘিরে সংবাদকর্মীদের তৎপরতা বেড়ে যায়।