বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, পরিবারের অর্থনৈতিক উন্নয়ন ও টেকসই অগ্রগতির জন্য নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার নারীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং কারিগরি শিক্ষার প্রসারে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শুক্রবার (২৪ জুলাই) সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়নাধীন ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত জনগণের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সংসারে অর্থের প্রয়োজন সবারই রয়েছে।বিশেষ করে সন্তানরা নানা প্রয়োজনে মায়ের কাছেই বেশি আবদার করে। তাই পরিবারে পুরুষের পাশাপাশি নারীদেরও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ও সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি জানান, নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বাড়ির আঙিনায় অ্যাকুয়াপনিক্স পদ্ধতিতে মাছ ও সবজি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে চাষাবাদ শুরু করার জন্য প্রয়োজনীয় সরকারি প্রণোদনাও দেওয়া হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সে কারণে এসএসসি ও এইচএসসি পর্যায়ে নির্দিষ্ট বিষয়ে কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি সিলেট সদর উপজেলার শিক্ষার্থীদের কম্পিউটার, ড্রাইভিংসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের সুযোগ বাড়াতে একটি টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (টিটিআই) প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি।
তিনি আরও বলেন, শুষ্ক মৌসুমেও কৃষিজমিতে চাষাবাদ অব্যাহত রাখতে খাল খনন কার্যক্রম আরও জোরদার করতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কৃষিজমি অনাবাদি রাখা যাবে না।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
এর আগে সকালে বাণিজ্যমন্ত্রী নগরীর লাক্কাতুরা চা-বাগানে একটি বিনামূল্যের চিকিৎসাসেবামূলক ক্যাম্পের উদ্বোধন করেন। পরে বিকেলে তিনি সিলেটে আয়োজিত উল্টো রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।