রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের চলমান ইস্যু এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলের অবস্থান ও সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন।
মির্জা ফখরুল বলেন, যেকোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা জরুরি। রাষ্ট্রপতি পদের মতো একটি সর্বোচ্চ সাংবিধানিক পদ নিয়ে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করে দেশের সার্বিক স্থিতিশীলতার কথা মাথায় রাখতে হবে।
তিনি বলেন, সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে। তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি।জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশে আইনের শাসন এবং একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী।কোনো ধরনের রাজনৈতিক শূন্যতা যেন দেশে নতুন কোনো সংকটের জন্ম না দেয়, সে বিষয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আমরা চাই না এমন কোনো পদক্ষেপ নেওয়া হোক যা দেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে।
এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতিকে স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সকল পক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। একই সাথে দেশের নতুন রাজনৈতিক ও সামাজিক রূপান্তরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।