নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন নব্য জেএমবির সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ওই শিশুকে হেফাজতে নেয়। হেফাজতে নেওয়া শিশু শেরে বাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর সঙ্গে যোগাযোগ রাখত।
আরিফা আখতার প্রীতি আরও জানান, শিশুটি অনলাইনে অত্যন্ত সক্রিয় ছিল। সে দাওলাতুল ইসলামের (আইএস) পক্ষে উগ্রবাদী পোস্ট শেয়ার করতো এবং সদস্য সংগ্রহে ভূমিকা রাখত বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি বোমা তৈরির পিডিএফ ফাইল শেয়ার করা এবং ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশের চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
আইনানুগ প্রক্রিয়া শেষে হেফাজতে নেওয়া শিশুকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।