ভাতের হোটেলে চাঁদাবাজি, মূল অভিযুক্ত গ্রেপ্তার

ভাতের হোটেলে চাঁদাবাজি, মূল অভিযুক্ত গ্রেপ্তার

রাজধানীর শেরেবাংলা নগরে ভাতের হোটেলে চাঁদাবাজির ঘটনায় এজাহারনামীয় আসামি জাকিরকে (৪১) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে র‍্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী মো. আলমগীর (৪৬) শেরেবাংলা নগর থানার বিএনপি বস্তি এলাকায় দীর্ঘদিন ধরে একটি ভাতের হোটেল পরিচালনা করে আসছিলেন।গ্রেপ্তার জাকির তাকে নিয়মিত ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা দাবি করতো। বিভিন্ন সময়ে তার কাছ থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়। এছাড়া জাকির ও তার সহযোগীরা প্রায়ই হোটেলে গিয়ে বাকি টাকায় খাবার খেয়ে চলে যেতো। সর্বশেষ গত ৩০ মার্চ বিকেলে তারা আবারও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আতঙ্কিত হয়ে তিনি আরও ৫০ হাজার টাকা দিতে বাধ্য হন। ঘটনার পর ভুক্তভোগী ও তার পরিবার চরম আতঙ্কে নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।

তিনি আরও জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS