আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর মনোনয়নপত্র বৈধ হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিকেল মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গোপালগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান এ ঘোষণা করেন।
এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, আলহামদুলিল্লাহ, আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমরা আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে।
যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সেই দায়িত্ব পালন করবে। আমি বিশ্বাস করি, গোপালগঞ্জ-৩ আসনের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে, ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, গোপালগঞ্জ-৩ আসনটি দেশের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন।এ আসন থেকেই আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং তার প্রতিদ্বন্দ্বী সবাই জামানত হারিয়েছেন।