গোপালগঞ্জে বিউটি পার্লারের কর্মী খুন

গোপালগঞ্জে বিউটি পার্লারের কর্মী খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মনিরা পারভীন  মুন্নী (৪০) নামে বিউটি পার্লারের এক কর্মী খুন হয়েছেন।  

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলার টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে হামলার শিকার হন তিনি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুল আলম জানান, দুপুরে পার্লারের কিছু প্রয়োজনীয় কাপড় শুকাতে টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে যান বিউটি পার্লারের কর্মী মনিরা পারভীন মুন্নী। এসময়  অজ্ঞাত দুর্বৃত্তরা ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়রা মুন্নীকে উদ্ধার করে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।  

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, চেষ্টা চলছে।
 
নিহত মনিরা পারভীন মুন্নী মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান ধরানীর মেয়ে। তিনি উপজেলা সদরের একটি পার্লারের কর্মী।  

পার্লারটির মালিক সঙ্গীতা রায় বলেন, মনিরা পারভীন মুন্নী এক মাসের জন্য কাজ শিখতে আমার এখানে এসেছিল। আজ সকালে পার্লারের কিছু কাপড় বাইরে রোদে শুকাতে দিতে গেলে তাকে ছুরিকাঘাত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2026 EU BANGLA NEWS