রাজধানীর পুরান ঢাকার ওয়ারী এলাকায় পাস্তা ক্লাব নামে একটি রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণের ঘটনায় দুইজন দগ্ধসহ মোট ৮ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়ারী র্যাঙ্কিং স্ট্রিট লেন এলাকার বাটা শোরুমের পাশের একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত রেস্টুরেন্টটিতে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস বলছে, গ্যাস লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে রেস্টুরেন্টের ভেতরে থাকা ওভেনে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নেভায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আহতরা হলেন— জসিম (২৮), কামরুল (৩২), মোস্তফা (২৭), শাহ আলম (৩০), ইউসুফ (২১), মেহেদী (৩০), আবির (২৪) ও সৌরভ (২৫)। এদের মধ্যে দুইজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিয়েছেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস লাইন থেকে ছড়িয়ে পড়া আগুনে ওভেন বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত শেষে জানা যাবে।তিনি আরও জানান, এ ঘটনায় আহত হওয়ার বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।
এদিকে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী পাস্তা ক্লাব রেস্টুরেন্টে ওভেন বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হলেও কারও অবস্থা গুরুতর নয়। দুইজন সামান্য দগ্ধ হয়েছেন এবং সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।